ফিরেছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট

২ ডিসেম্বর, ২০২৩ ১২:৪১  

প্রায় আড়াই ঘণ্টা পর সচল হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট। তবে শনিবার সাড়ে ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আজকের দিনের আবহাওয়ার তথ্য সম্বলিত ট্যবটি কাজ করছিলো না। শুধু একটি বৃত্ত ঘুরছিলো।

এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে দেশজুড়ে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূতের পর বার বার চেষ্টা করেও আবহাওয়ার পূর্বাভাস ও ভূমিকম্পের তথ্যদাতা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছিল না। বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত ওয়েবসইটটিতে প্রবেশ করার চেষ্টা করে ‘This Account has been suspended’ লেখা দেখাচ্ছিল।

এ নিয়ে আবহাওয়ার সংবাদ সংগ্রহকারী একাধিক সংবাদকর্মী জানান, এটি নতুন ঘটনা নয়। ঘূর্ণিঝড় বা ভূকম্পনের মতো আবহাওয়ার বড় কোনো ঘটনা ঘটলেই তথ্য জানতে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটিতে দেশের মানুষ ও গণমাধ্যমকর্মীরা প্রবেশ করে। এসময় বেশি মানুষ ক্লিক করলেই ওয়েবসাইটটি ঠিকঠাক কাজ করে না।

এ বিষয়ে জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক এবং সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের টেলিফোনেও বার বার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, সকাল ৯টা ৩৫ মিনিটে সংঘটিত ৫.৫ মাত্রার ভূমিকম্পটির উৎত্তিস্থল ছিল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। এটি ভূপৃষ্ঠের ৩৮.৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।